Wednesday, 30 November 2016

অঙ্কুরোদ্গম

অন্তর্মুখীনতার সমীক্ষায় প্রকাশ
আলো'র গতি অপ্রতিরোধ্য
যেমন অন্ধকারের আনমনে
অনিবার্য /স্বপ্নেদের অঙ্কুরোদ্গম !-০১.১২.২০১৬

Tuesday, 29 November 2016

চিরবসন্ত হে

নীরা'র রাত্রিবাস
সুনীলের খোলা হাওয়া
চুরি গেছে নোবেল
কেন কেউ আদর্শ নেয়না
বালুচরে বেঁধে ঘর
নিশ্চয়তা চাও
আমি বেঘর ভালো
আমার অন্তরে অন্তরীক্ষ
গঙ্গা'র জল পাপ ধোবে
বৈধব্য বন্ধ্যাত্ব
কেন কেবল নারী নেবে ?
পুরুষের আরাধ্য মা
রাতের মরসুম
চিরবসন্ত হে
তুমি মানবী !-২৯.১১.২০১৬

Sunday, 27 November 2016

যদি কথা দাও

তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না
যদি কথা দাও
আমি তুমি নির্ভর হতে পারি
কলমের ছোঁয়ার মতন করে তোমায় ছুঁতে পারি
যেভাবে কাগজ কে ছোঁয়ে কলম
তোমার চুলে আমার আঙ্গুল বোলাতে পারি
ঠিক যেভাবে আকাশ ঢাকে মেঘ
আমি তোমাতে মিশতে পারি
দিগন্তের রেখায় যেমন সাগর মেশে আকাশে
আমি ঠোঁট দিয়ে তোমার নাভি ছুঁতে পারি
আরও পারি বুকে জমা স্বপ্ন'গুলো আঁকতে তোমার চোখে
খুব মানাবে ওদের আমারও ভালো লাগবে
যদি কথা দাও
তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না !-২৭.১১.২০১৬

নপুংশক

সমর্পনের সমীকরণ প্রেম
আনাড়ি কবে বুঝেছে কবিতা'র মর্ম
সোহাগের দাসী;বৌ বলে ডাকি
সব নারী বন্ধ্যা নয় ;কিছু পুরুষ নপুংশক !-২৭.১১.২০১৬

সমীকরণ

ডানা ঝাপটায়
খসে যায় নাম না জানা তারা
সমাধি'র সামনে দাঁড়িয়ে মৃত্যু
বেবাক বাঁশি বাজায় শ্যাম ! - ২৭.১১.২০১৬

Friday, 25 November 2016

চাহিদা-

নিভে যাচ্ছে রাতের জোনাকি
স্বপ্নের মাসতুলে ভাটিয়ালি গাইছে কেউ
উজানের পথে সেদিন স্মৃতির মুখোমুখি
আমার দীর্ঘ নিঃশ্বাস'দের কোনো মুখোশ নেই
তারা চেয়ে থেকেছে শুধু তোমার পথ পানে
তিন সত্যি'র মতন প্রতিটি তারা খসাতে তাকে চেয়েছি
ঘুম কেন আসেনা চোখে নাম জানিনা বলেই কি
আমার বুকে অনেক দিন জেগে থাকা ইচ্ছা'রা
চাহিদা- ওঁ উচ্চারণে যাপনে সংযমে ও সঞ্চয়ে তুমি থেকো !-২৬.১১.২০১৬

সামাজিক নির্বাসন

নাম দিলেই সম্পর্ক'গুলো
গৃহপালিত হয়ে পড়ে
বিবাহ বন্ধন অনেক
অণুবীক্ষণে ধরা দেয় প্রেম
খুঁটিনাটি অনেক কিছু
সংজ্ঞায় বদলায় বিশ্বায়নে
রসায়নে বলি সমীকরণ
ইত্যাদি অনেক কথা
অনুভব যেখানে
যেখানে অনুভবে সে
বার্ষিকী'গুলো বরং তোলা থাকে
একে ওপরের চোখে যেন চোখ রাখা যায়
এভাবেই দুটি মেরু
নদী'র দুই কিনারে সভ্যতার ভাঙা গড়া !

আজ বাবা -মা 'র বিবাহবার্ষিকী ;২৯ বছরের সামাজিক নির্বাসন !
২৫.১১.১৯৮৭-আজ 

Thursday, 24 November 2016

রুক্ষ ব্রাহ্মণ

মেঘের কালো
ছেয়েছে যেমন আকাশ
তেমনি তুমি ছুঁয়ে আছো
অন্তরতর আত্মিক বিকাশ !
চাঁদ আছে
জ্যোৎস্নাহীন
তেমনি তুমি
কলঙ্কিনী রাধিকা !
নেশাতুর দাস
প্রেমিক বিশ্বজনীন
কোমল গান্ধার নয় আমার
আমি রুক্ষ ব্রাহ্মণ ! - ২৪.১১.২০১৬

তোমাকে চেয়েছি......

প্রকাশের অভিব্যক্তি'তে 
অসমাপ্ত 
অব্যক্ত -এর অধ্যায় !
সেখানে কোনো কাঁটাতার নেই 
দেশ কালের সীমা পেরিয়ে 
আমি তোমাকে চেয়েছি !
সাক্ষাতে নয়
স্বার্থে নয়
সঙ্গমে নয় !
যত শর্তের অতীত
নীরব বালুকাবেলায়
শান্ত সৈকতে
নিভৃতে নির্জন নিরালায় !
প্রতি সন্ধ্যায়
অফিস ফেরত ক্লন্তি'তে
একান্তই তোমাকে চেয়েছি !-২৪.১১.২০১৬

Wednesday, 23 November 2016

বিরল প্রেম

রাত্রির পথ চেয়ে চাঁদ
বানভাসি জ্যোৎস্না
বিরল প্রেম
যেমন সে চাতকের
তেমনি মেঘের !
ছেলেবেলা'র ছেলেমানুষি
খুঁজলে মেলে না
গ্রামোফোনের হারানো সুর !
গোধূলি থেকে কৃষ্ণপক্ষ
মেঠো পথ ছেড়ে
ক্লান্ত শহরতলি
যত্র তত্র
তোমার স্মৃতিদের ডাকবাক্স !
তুমি হারাতে চাইলেও
হারিয়ে ফেলবো না তোমাকে
ভালোবাসা'টা যে খুব দামি
বুকে করে রেখেছি
তুমিই তো সেই
আমার,একান্তই
বিরল প্রেম ! - ২৪.১১.২০১৬

Tuesday, 22 November 2016

অর্থহীন আবেগ

অনুচ্চারিত
একটা অভিমান
অধিকার জন্মেছে
সেই থেকে.....
মৃত্যু গ্রাস করছে 
ক্ষিদের ভাষায়
নির্জীব
জীবন !
কতো যে দুঃখ
পুষে রেখেছে
মেয়েটা
অভ্যেসের দুঃখ
সুবিধাবাদী
স্বতন্ত্র
নির্মম !
তোমার ছেলেমানষি'টুকু
রয়ে গেছে
তুমি সেই
বাংলাদেশের মেয়ে !
পাথর হয়ে গেছি
অনেকদিনের কথা
প্রেম নিভে গেছে
ছাইটুকু রয়ে গেছে !
মৃত্যু খুঁজছি তোমারই মতো
খুব ক্লান্ত জানো
তুমি তেত্রিশ
আমি সাতাশ মোটে !
কেন ভাবলে
বড়ো হয়ে গেছি
হইনি
হতে চাইনা !
অভিনন্দনের
অভিধানে
শব্দের অকুলান
চিরদিন
অনুগ্রহ নির্ভর
নিঃশ্বাস !
নিভে গেছে
বিষের জ্বালা
ক্ষত'গুলো অম্লান
ও'গুলো
ঠিক দুঃখ নয় !
বিরাম চিহ্নের প্রয়োজন
একটা আছে
একঘেয়েমি
সেই একঘেয়েমি !
দর হারিয়ে ফেলেছো
দাম দিতে জানবে
কেন কেউ
সেই যে কবিতাটা আমাকে দিয়েছিলে
"এসো স্পর্শ করো"
অন্য কেউ নয়
আমি সেই
সেই স্পর্শের স্পৃহা আর নেই !
থাকলো তোমার
অর্থহীন আবেগ
আমি পাষান রইলাম
ঋণ মকুব করবে কিসে
আয়ু'র আঁখিরে
জান্নাতে অপেক্ষা করবো !
উৎসর্গ বেটু কে

Saturday, 19 November 2016

যান্ত্রিকতার বাইরে ...

যান্ত্রিকতার বাইরে 
একটা অসীম আকাশ 
তার সাথে 
একলা হতে চাই 
জীবন'টা শুধু স্বপ্ন নয় 
এখানে রাত নামে
কোনো মানুষই কি
শুধু শুধু মহান হয়
কতটা অন্ধকার পেরোতে হয়
কেন কেউ দেখেনা !-১৯.১১.২০১৬

সহবাসের উচ্ছিষ্ট

তোমার ইচ্ছা হয়না 
উপরে উঠতে
উঠে দাঁড়াতে 
আর কতদিন 
এভাবেই পরে থাকবে তুমি 
নতজানু নির্লিপ্ত
সরীসৃপ জীব
মানিনা তোমাকে নারী
প্রকৃতি
তোমাকে ভাবা যায়না
নিকৃষ্ট তুমি
তুমি পাপ
তুমি সোহাগ
তুমি সহবাসের উচ্ছিষ্ট ! - ১৯.১১.২০১৬

উৎসর্গ

আত্মা'র কেন্দ্রে নাভি
সেই বিন্দু তে প্রেম
নখ লোম চুল থাকে না
প্রেম'টা নাছোড় !-১৯.১১.২০১৬
উৎসর্গ - প্রেমিকদের

Friday, 18 November 2016

অমরত্বের সন্ধানে

নামহীন 
ছায়াপথ 
গিলে খাচ্ছে 
সময় !
অন্তহীন 
থেকে 
অমরত্বের 
মাঝে 
দাঁড়িয়ে 
আলোকবর্ষ !
কড়ি গুনছে 
ধ্রুবতারা'টা !
ইদানিং 
কেমন যেন, 
হয়ে গেছি !
চাঁদ 
আলো ছড়ায় 
কেবলি
দ্যুতিহীন সে ! 
জ্যোৎস্না 
কার বুকে 
মাথা রাখবে, 
তুমি !
সাগরের ঢেউ 
ছুঁয়ে যাচ্ছে 
মোহনা 
বারে-বার !
অন্ধকার 
ছায়াহীন 
রাত 
যুধিষ্ঠির !
সত্যি মিথ্যা'র 
মাঝে 
স্থির 
অনিবার্য 
তুমি ও আমি  
প্রাণহীন 
অমৃতের সন্ধানে 
পরিক্রমণ ও রোমন্থন 
দুই যেন এক ! - ১৮.১১.২০১৬

Sunday, 6 November 2016

অমর্ত্য হতে চাই

কলমটা আমার হাতে যেন
স্থিতিস্থাপক
সর্বনাশী নেশাও
থমকে দাঁড়ায় !
ও'রা কতটুকু জানে
যে টুকু বাইরের ঐ মাংস
ভিতরে তো আবেগে আবেগে
স্রোত বইছে ;লাল লোহিতকণিকা !
কেন কেউ বুঝতে চাইছে না
যাকে জীবন বলে ভুল করছে
সে তো ধীর পদক্ষেপে মৃত্যু
অমৃত দাও ঠাকুর ;অমর্ত্য হতে চাই !-০৭.১১.২০১৬

Wednesday, 2 November 2016

ইতি ....

চিঠি
মুঠো
জীবন
ইতি
ক্ষয় !-০২.১১.২০১৬

Tuesday, 1 November 2016

অতিবাস্তব...

অস্বীকার করিনা
অবদান তাদের আছে !
পে কমিশন তোমার
ইনফ্লেশন আমার !
অর্থনীতি আমাকে বুঝবেনা
স্বপ্ন আমাকে ছোঁবে না !
অবাস্তব ও অতিবাস্তবের মাঝারি
মধ্যবিত্ত মনে হয় নিজেকে !
এই তো একটুখানি সঞ্চয়
আত্মীয় অনাত্মীয় সবাই আপন !

বিপদ টানছে আমায়
জীবন বুঝছি চোরাবালি !
উপায় নেই আমি নিভে যাচ্ছি
ঝড়ের কাছে খড় কুটো  !
মরু'র বুকে কি অনন্ত পিপাসা
বৃষ্টি'র পথ চেয়ে ছত্রাক !
পাশবালিশ-এ ঘাম মোছেনি সে
প্রকৃতির দান আমি যৌবনের দূত !
সিলিং টা বেশ লাগে
একদিন আমি ছুঁয়ে দেখবো !-০১.১১.২০১৬